চট্টগ্রামে লোহার রডে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পুরনো লোহা মেরামতের দোকানে গলায় রড বিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বায়েজিদ থানার রুবি গেট এলাকার ওই কারখানায় সন্ধ্যা ৬টার দিকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন (২০) রংপুরের মিঠাপুকুর এলাকার মো. মিজানের সন্তান।
নগরীর বায়েজিদ থানার চৌধুরীনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন আল আমিন।
নিহতের সহকর্মী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, কারখানাটিতে পুরনো লোহার রড বার্ণিশের পর নতুন করে বিক্রি করা হত।
“সন্ধ্যা ৬টার দিকে কাজ করার সময় কারখানার তাকে রাখা ভারি একটি লোহার রড উপর থেকে পড়ে আল আমিনের গলায় ঢুকে গেলে সে গুরুতর আহত হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করে।
