মাগুরায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু
মাগুরা শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যু্বকের মৃত্যু হয়েছে।
সদর থানার এসআই নাসিরুল ইসলাম জানান, শহরের সৈয়দ আতর আলী সড়কে পোস্ট অফিসের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে ফরহাদকে সোমবার কুপিয়ে জখম করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
নিহত ফরহাদ (২৪) শহরের পারলা পূর্বপড়া বেলতলা এলাকার খায়রুল মিয়ার ছেলে।
তিনি স্থানীয় এক ছাত্রলীগ নেতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
এসআই নাসিরুল বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়।
পরে চিকিৎসকের পরামর্শে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রাতেই ফরহাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
তিনি আরও জানান, ফরহাদ গত বছরের অক্টোবরে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাজন খান হত্যা মামলার আসামি।
এছাড়া সম্প্রতি শহরের নূরজাহান প্লাজার সামনে ফরহাদ ও তার সহযোগীদের হামলায় ইমরান নামে এক যুবকের একটি হাত শরীর থেকে বিছিন্ন হয়ে হয়ে যায়। এ হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ তিনি একাধিক মামলার আসামি ছিলেন।
ইমরানের উপর হামলার ঘটনার জের ধরে এ হামলার হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান এসআই নাসিরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ঘটনায় এখনও কেউ আটক না হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
