২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা চালানোর অবস্থা জামায়াতের নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও নাশকতা চালানোর মতো অবস্থা তাদের নেই বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:14 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

আপিল বিভাগে বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণদণ্ড বহাল রাখার পর দলটির হরতাল ডাকা প্রসঙ্গে মঙ্গলবার রাজশাহীতে আনসার-ভিডিপির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ যুদ্ধাপরাধে ট্রাইব্যুনালের দেওয়া মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখে।

এরপর জামায়াতে ইসলামী বুধবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকে।

এর আগে যুদ্ধাপরাধে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে ডাকা হরতালে দলটি দেশে ব্যাপক নাশকতা চালিয়েছিল।

এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাশকতার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে।

রিভিউ ও পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার প্রক্রিয়া শেষে রায় কার্যকরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

পবা উপজেলার নওহাটায় আনসার-ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা অবর্ণনীয়। জামায়াত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছেন।

সরকার আনসার বাহিনীর সমস্যা সমাধানে সচেষ্ট জানিয়ে তিনি বলেন, “তাদের ভাতা বাড়ানোসহ সব জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে।”

এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পতাকা উত্তোলন করে, বেলুন ও পায়রা উড়িয়ে আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন ও উপ মহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন, মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন প্রমুখ।