চট্টগ্রামে ২ চোর গ্রেপ্তার, স্বর্ণালঙ্কার উদ্ধার
চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান ওরফে ভূট্টো (২০) ও রুবেল (২১)। তারা রাজমিস্ত্রী হিসেবে কাজ করে।
সোমবার রাতে বাকলিয়ার ক্ষেতচর বাস্তুহারা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে তাদের নিয়ে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজমিস্ত্রী হলেও তারা বিভিন্ন বাসায় চুরির সঙ্গে জড়িত।
“ক্ষেতচর এলাকার বাসিন্দা মিঠু দাশ নামে এক লাইব্রেরি মালিক গত ১২ জুন তার বাসার আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন।
“মামলায় মিঠু অভিযোগ করেন, গত ৯ জুন তিনি সপরিবারে ঢাকা যান। ১১ জুন রাতে বাসায় এসে দেখেন, আলমারি ভাঙ্গা এবং স্বর্ণালংকার ও টাকা-পয়সা উধাও।”
ওসি মহসিন জানান, মামলার তদন্ত করতে গিয়ে সোমবার রাতে ক্ষেতচর এলাকা থেকে রুবেল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চান্দগাঁও থানার বাদশা চেয়ারম্যান ঘাটার এসএম জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে থেকে তাদের চুরি করা তিন ভরি স্বর্ণালঙ্কার ও আধা ভরি রূপার অলঙ্কার উদ্ধার করা হয়।
চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে দোকান মালিক সুজন ধরকেও (৩২) গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
ওসি মহসিন জানান, মিঠু দাশ কয়েক মাস আগে ক্ষেতচর এলাকায় বাসাটি তৈরি করেন। বাসা তৈরির সময় রুবেল ও আব্দুর রহমান রাজমিস্ত্রীর কাজ করেন।
