মুজাহিদের আপিলের রায়: চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
একাত্তরে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণা ঘিরে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নগরীতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসানো হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, নগরীর বিভিন্ন থানার ওসিদের অতিরিক্ত মোবাইল টিম করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নগরীতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সোমবার দুপুর থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হযেছে বলে জানান বাহিনীটির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সোমবার নগরীর পাশাপাশি সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
মেজর তানভীর আরও বলেন, রায় ঘোষণার দিন মঙ্গলবার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলাসহ সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়ি উপজেলাসহ ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে আট প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
এসময় বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় পুলিশ ও সাধারণ মানুষসহ বেশ কয়েকজন নিহত হন।
