বেতন স্কেল বাড়ানোর দাবি সহকারী শিক্ষকদের
প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেলে বেতন-ভাতা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র ব্যানারে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকদের তিন ধাপ নিচে নির্ধারণ করা হয়েছে। এর ফলে সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের ২২ বছরের স্বপ্ন পিষ্ট হয়েছে।
গত বছরের ৯ মার্চ সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়ে তাদের বেতন স্কেল ৬ হাজার ৪০০ টাকা এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করে সরকার।
এর পর থেকেই সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকদের নিচের ধাপে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে পিএসসির মাধ্যমে সহকারী শিক্ষকদের নিয়োগ-পদোন্নতি, শুক্র-শনিবার সপ্তাহিক ছুটি, শতভাগ পেনশন, সহজ শর্তে গৃহঋণ, বিভিন্ন ভাতা বাড়ানো, সব প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণিতে উন্নীতকরাসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন আনোয়ার।
এসব দাবি আদায়ে আগামী ১৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধদের সঙ্গে মতবিনিময় এবং ২৫ থেকে ২৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
এছাড়া ২৮ জুলাই থেকে ১ অগাস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি এবং ২ থেকে ৬ অগাস্ট বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষকরা।
৭ অগাস্ট ঢাকায় প্রতিনিধি সমাবেশ করে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষক নেতা আনোয়ার।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল মান্নান ও আবুল বাশার খান, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
