সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৩
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশ কর্মকর্তাদের দাবি।
সোমবার ভোররাতে মাগুরা গ্রামের হযরত পাড়ের পানের বরজের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে বলে তালা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান।
আহতরা হলেন-চাঁদকাটি গ্রামের কালাম শেখ (৩০), পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের সাদ্দাম হোসেন (৩২) ও মাগুরা জেলার মোহাম্মদপুরের জিল্লুর রহমান (২২)।
তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই পান বরজে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় কয়েকটি হাতবোমাও ফাটায় তারা।
“পুলিশও পাল্টা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।”
ওসি বলেন, তিনজনই পেশাদার ডাকাত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে তালা, পাটকেলঘাটাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি করে মামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের চার এএসআইও আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহত পুলিশ সদস্যরা একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এরা হলেন-এএসআই পিন্টু লাল দাস, মো. আকরাম হোসেন, শাহাদাত হোসেন ও প্রকাশ কুমার।
ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা ও গুলিসহ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি রেজাউল।
