ঢাকার ওয়ারীতে বাসের ধাক্কায় নিহত ১
রাজধানীর ওয়ারীতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জয়কালী মন্দিরের সামনে এ দুর্ঘটনায় ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
মোরসালিন চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তা দুর্ঘটনার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মোজাম্মেল বলেন, “নিহতের বয়স আনুমানিক পঁয়াতাল্লিশ বছর। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি থেকে একটি নম্বরে ফোন দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এলে নিহতের পরিচয় জানা যাবে।”
তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে বদরুল নামে এক পুলিশ সার্জেন্টের অনুরোধে ব্যাংক কর্মকর্তা মোরসালিন ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।
