আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানবপাচার বন্ধ: আইজিপি
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে মানবপাচার বন্ধ বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে নগর ও রেঞ্জ পুলিশের সুধী সমাবেশে বক্তব্যে এই দাবি করেন তিনি।
‘কক্সবাজার সিভিল সোসাইটি’র সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রধান বলেন, কক্সবাজারে মানব পাচার ও মাদক রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
পাশাপাশি জনপ্রতিনিধিরা এগিয়ে এলে এবং জনসচেতনতা গড়ে তোলা হলে মানবপাচার অনেকটা কমে আসবে বলেও মনে করেন তিনি।
শহীদুল হক বলেন, যারা প্রতারক ও দালাল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিলে জনগণ মুক্তি পাবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও স্বস্তি পাবে।
মানবপাচার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ চলছে দাবি করে তিনি বলেন, “মাঝপথে যারা আছে তাদের অনেকে ফিরে আসছে এবং মানবপাচার বন্ধ রয়েছে।”
কক্সবাজারে ইয়াবা পাচার নিয়ে পুলিশ প্রধান বলেন, “সোনা ধরা পড়লে সোর্সকে ১০ ভরির মধ্যে দুই/তিন ভরি দিয়ে দেওয়া যায়। কিন্তু মাদক ধরা পড়লে অর্ধেক দিয়ে দেওয়ার তো প্রশ্নই উঠে না।
সোর্সকে তথ্যের বিনিময়ে মাদক না দেওয়ার জন্য বাহিনীর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, “এটা করা যাবে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।”
সাংসদের ভাইয়ের ওপর হামলার অভিযোগে গত ১৩ মে কর্ণফুলী থানা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর সড়ক অবরোধের প্রসঙ্গও আসে বৈঠকে।
শহীদুল বলেন, “তিন-চার ঘণ্টা সড়ক অবরোধ করে জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি করেছে। পুলিশ কমিশনারকে বলেছিলাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেজন্য আমি কমিশনারকে তিরস্কার করেছি।”
এধরনের কর্মকাণ্ডে রাজনৈতিক নেতাদের না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “রুলিং পার্টির কর্মীরা যদি এসব করে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। নেতাদের কাছে অনুরোধ, কর্মীরা যাতে এসব না করে। করলেও আপনারা তাদের পাশে থাকবেন না।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডলের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি জামাল আহামেদ, পরিবহন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী।
