আর্টিকেল নাইনটিনের সঙ্গে ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্টদের আড্ডা
বিশ্বব্যাপী বাক স্বাধীনতা ও তথ্য অধিকার প্রতিষ্ঠায় কর্মরত সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’র নির্বাহী পরিচালক থমাস হিউজের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট।
গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় আড্ডায় ’আর্টিকেল নাইনটিন’র বাংলাদেশ ও সাউথ এশিয়া পরিচালক তাহমিনা রহমানও উপস্থিত ছিলেন। সভায় ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক নাসরিন সুমি বলেন, ব্লগে লেখার আগ্রহ থাকলেও হয়রানি ও হুমকির শিকার হতে পারেন ভেবে পরিবার থেকে তাকে কোনো ব্লগে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়নি।
“সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী স্বাধীনতা নিয়ে মত প্রকাশ করলে নানা বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে।”
ব্লগারদের নিয়ে বিভিন্ন অপপ্রচারের কারণে নিজের গ্রামে ব্লগার পরিচয় প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন বলে জানান ব্লগার নীলকণ্ঠ জয়।
এক্ষেত্রে সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রচারণার উপর গুরুত্ব দেন উপস্থিতরা।
আড্ডায় বিভিন্ন ধরনের বাংলা ব্লগ নিয়েও আলোচনা হয়। ব্লগের বৈচিত্র্যে প্রসঙ্গে সাহিত্য ব্লগ, নাগরিক সাংবাদিকতাভিত্তিক ব্লগ নিয়েও আলোচনা হয়।
বহুমাত্রিক লেখার কারণে অনলাইনে কবি, গল্পকার, নাগরিক সাংবাদিক ও কলামনিস্ট হিসেবে তাদের পরিচয় ঘটছে বলে জানান কয়েকজন ব্লগার।
ব্লগারদের নিয়ে বিভিন্ন অপপ্রচারের পেছনে রাজনৈতিক কূটকৌশলকে দায়ী করেন আড্ডায় উপস্থিত কয়েকজন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বরাবর সোচ্চার ভূমিকা রেখে আসছেন ব্লগারদের একাংশ।
‘আর্টিকেল নাইনটিন’র নির্বাহী পরিচালক থমাস হিউজের সঙ্গে মতবিনিময় আড্ডায় অন্যদের মধ্যে কবি নীলসাধু, ব্লগার-সাংবাদিক ফাতেমা আবেদিন নাজলা, চয়নিকা ব্লগের সঞ্চালক ও গল্পকার হামিদ আহসান, ঘুড়ি ব্লগের সঞ্চালনা পরিষদ সদস্য ইকবাল মাহমুদ ইকু, অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের সমন্বয়ক আইরিন সুলতানা উপস্থিত ছিলেন।
গত ৯ জুন সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে ‘আর্টিকেল নাইনটিন’, যেখানে আইনমন্ত্রী আনিসুল হক , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অনেকে উপস্থিত ছিলেন।
