বর্জ্য নির্ভর বিদ্যুৎ উৎপাদনে চোখ আনিসুলের, আগ্রহী চীন
রাস্তায় স্তূপীকৃত বর্জ্যের দুর্গন্ধ থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে নগরবাসীকে মুক্তি দেওয়ার চিন্তা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হক।
ঢাকার বিপুল পরিমাণ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে তার।
ইতোমধ্যে নতুন মেয়রের এই পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে চীন।
শনিবার রাজধানীতে চীনের একটি প্রতিষ্ঠানের আয়োজিত ‘টেকসই জ্বালানির ভবিষ্যত’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যবসায়ী থেকে রাজনীতিকে পরিণত হওয়া আনিসুল।
তিনি জানান, ১ জানুয়ারির মধ্যে তার করপোরেশন এলাকায় ৭২টি মধ্যবর্তী স্টেশন করতে চান তিনি। যেখানে প্রথমে বাসাবাড়ির বর্জ্য জমা করা হবে। সেখান থেকে পরে বর্জ্য যাবে মূল ভাগাড়ে।
রাজধানীতে সাধারণত বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করা হয় ভ্যানগাড়ির মাধ্যমে। এসব বর্জ্য এনে ফেলা হয় বিভিন্ন রাস্তায় উন্মুক্তভাবে। এসব স্থান থেকে সিটি করপোরেশনের বড় বড় ট্রাকে করে ময়লা নিয়ে যাওয়া হয় রাজধানীর উপকণ্ঠে ভাগাড়ে।
রাজধানীতে দৈনিক প্রায় পাঁচ হাজার টন বর্জ্য সংগ্রহ করা হয়।
বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনাকে কঠিন কাজ উল্লেখ করে মেয়র আনিসুল বলেন, “এটা সহজ নয়। আমাদের পর্যাপ্ত জমি নেই।”
মধ্যবর্তী স্টেশন করতে নিজের সিটি করপোরেশনের অধীন ৩৬টি ওয়ার্ডেই জায়গার ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
নতুন মেয়র বলেন, “আমার লক্ষ্য হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্যের ব্যবহার। ঢাকার বর্জ্য ব্যবহার করে কমপক্ষে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।”
এই কাজে চীন ও কোরিয়ার কোম্পানিগুলো সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনেরও একই ধরনের পরিকল্পনা রয়েছে, বলেন আনিসুল।
চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জনিয়ারিং করপোরেশন (সিএমইসি) রিনিউয়্যাবল এনার্জি এবং সোলারল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
