২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা নিয়ে বেনাপোল পেরিয়ে আটক ২ ভারতীয়     

ভারতের পেট্রাপোল চেকপোস্টে সাড়ে চার কেজি সোনাসহ দুই ভারতীয় নাগরিক আটক হয়েছেন, যারা বাংলাদেশ থেকে গিয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

তাৎক্ষণিকভাবে আটক দুই ভারতীয় নাগরিকের নাম জানা না গেলেও তারা ভারতের কাশ্মীর এলাকার বাসিন্দা বলে পেট্রাপোল বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন বেনাপোল চেকপোস্টে বিজিবির নায়েব সুবেদার নজরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে পেট্রাপোলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ চার কেজি ৬০০ গ্রাম সোনাসহ তাদের আটক করে।

খবর পেয়ে পেট্রাপোল আইসিপি বিএসএফ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করলে বিজিবি বিষয়টি নিশ্চিত হয় বলে জানান নায়েক সুবেদার নজরুল।

বিজিবি-২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রহিম জানান, আটক দুজন পাসপোর্ট-ভিসা দেখিয়ে বেনাপোল চেকপোস্ট পার হয়েছেন।

“কিভাবে ওই দুজন সোনার চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট পার হয়ে গেল, গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখতে শুরু করেছে,” বলেন এই বিজিবি কর্মকর্তা।

অবৈধ সোনার চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট পার হয়ে যাওয়ার এ খবর বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে শুনলেও বিস্তারিত কিছু জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেনাপোল চেকপোস্টে কর্মরত রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার।