২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূলধন সংকট: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সময় বেঁধে দেওয়ার পক্ষে মত

খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংকট কাটাতে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাবে সায় দিলেও পরিস্থিতির উত্তরণে ব্যাংকগুলোকে সময় বেঁধে দেওয়ার পক্ষে মত দিয়েছেন একটি সংলাপের আলোচকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 09:35 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানও মনে করেন, ব্যাংকগুলোর জন্য একটা ডেডলাইন থাকা উচিত।

খেলাপি ঋণ ও বেসিক ব্যাংকের ঋণ অনিয়মসহ নানা কেলেঙ্কারিতে জড়িয়ে গতবছর মূলধন স্বল্পতায় পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৫৮ কোটি টাকা।

পরিস্থিতি উত্তরণে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার ঢাকার টিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে জামাল আহমেদ মৃধা নামে এক দর্শক এ প্রসঙ্গ তুলে বলেন, “খেলালি ঋণের ভারে জর্জরিত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর জন্যে আরও পাঁচ হাজার কোটি টাকার তহবিল দেয়ার প্রস্তাব করা হলো বাজেটে। কিন্তু খেলালি ঋণ কমানোর বড় কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কেন?”

জবাবে অর্থপ্রতিমন্ত্রী মান্নান বলেন, “আমাদের মতো গরীব দেশে ৫ হাজার কোটি টাকা অনেক বড় ব্যাপার। ব্যাংকগুলোকে নতুন করে পুঁজি দিয়ে একে টিকিয়ে রেখে সুযোগ দিচ্ছি। এটা তাদের টাকাতেই হচ্ছে।”

তিনি বলেন, “আমাদের অর্থনীতি কোনো ভাঙ্গা কলসী নয়। আমাদের অর্থনীতি এখন অনেক প্রবৃদ্ধির পথে হাঁটছে। এ হিসেবে যদিও এ টাকা তেমন কোনো টাকা নয়।

“বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তবে আমি এটার সাথে একমত যে ব্যাংকগুলোকে সমস্যা উত্তরণের জন্য সময়সীমা বেঁধে দেয়া উচিত, একটা ডেডলাইন থাকা উচিত।”

তার সঙ্গে একমত প্রকাশ করেন আরেক প্যানেল আলোচক ব্যাংকার জিয়াউল হাসান।

ব্যাংকগুলোকে সময় বেঁধে দেওয়ার পাশাপাশি ঋণখেলাপিদের বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাবেক রাষ্ট্রদূত নাসিম ফিরদৌস।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “সরকার জনগণের টাকা লুটে সাহায্য করছে। দলীয় মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেওয়ার জন্য এমনটি করা হচ্ছে।”

অনুষ্ঠানে মীর শামসুন্নাহার তমা নামে এক দর্শক প্রশ্ন করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর ফলে বাংলাদেশের সাধারণ জনগণ কতটুকু লাভবান হবে?

এর জবাবে বিএনপি নেতা রিপন বলেন, “সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানোর কারণে আমরা প্রতিক্রিয়া জানাতে পারিনি। আর সরকার কিছু পরিষ্কার করে না জানানোর কারণে বলা যাচ্ছে না বাংলাদেশ লাভবান হল কি না। তবে তিস্তার পানি চুক্তি হবে এটা আমাদের আশা ছিল।

“তিস্তা ছাড়া যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে তাতে ভারতই লাভবান হবে। সরকার দেশের পক্ষে কথা বলতে গিয়ে তা ভারতের পক্ষে চলে গিয়েছে।”

সাবেক রাষ্ট্রদূত নাসিম ফিরদৌস বলেন, “আমি মনে করি কূটনৈতিক সাফল্য এসেছে। কিছু বিষয়ে কথা বলতে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। কিছু অমীমাংসিত বিষয়ে কথা হয়েছে, এটাই কূটনৈতিক সাফল্য।

“তবে এটাও ঠিক যে, সরকারের উচিত হবে এ সফরের খুঁটিনাটি বিষয়গুলো জনগণের সামনে নিয়ে আসা।”

ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার উপর গুরুত্ব দেন তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে আলোচনার পথগুলো উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন ব্যাংকার জিয়াউল হাসানও।

“ভারত প্রতিবেশী বড় একটি দেশ। এমন প্রতিবেশীর সাথে যত ভালো সম্পর্ক থাকবে ততই ভালো। নরেন্দ্র মোদীর এ সফরের মাধ্যমে আলোচনার পথ উন্মুক্ত হয়েছে,” বলেন তিনি।

এ প্রসঙ্গে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “মনস্তাত্ত্বিকভাবে আমরা উপকৃত হয়েছি। কারণ এখন খোলা মনে আমরা কথা বলতে পারব। প্রত্যেকটি চুক্তি খুবই পরিষ্কারভাবে জানানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎসহ অন্যান্য খাতে সুবিধা পাব।”

অনুষ্ঠানের শেষ প্রশ্নটি করেন শাওলিন আকিব।

তিনি বলেন, সরকারিভাবে ৮৫০ টাকা দরে ধান কেনার কথা থাকলেও কৃষক বাজারে ৪০০-৪৫০ টাকার বেশি দাম পাচ্ছে না।

বারবার এ প্রসঙ্গে আলোচনা হলেও ধানের ন্যায্য দাম নিশ্চিত করা যাচ্ছে না কেন-তা জানতে চান তিনি।

নাসিম ফিরদৌস বলেন, “ধান প্রক্রিয়াজাত করে সরকারের গুদামে উঠাতে দেরি করেছে সরকার। সেজন্য কৃষক বাধ্য হয়েছে কম দামে ধান বিক্রি করতে।”

আসাদুজ্জামান রিপন বলেন, “যে সময় প্রক্রিয়াজাত করার কথা সেসময় না করায় এবং সরাসরি কৃষকদের কাছ থেকে না কিনে মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে কেনায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।”

এম এ মান্নান বলেন, “আলোচনা করে আমরা কিন্তু অবস্থার সমাধান করার উদ্যোগ নিয়েছি এবং এতে দাম বেড়েছে।”

আকবর হোসেনের সঞ্চালনায় বিবিসি বাংলাদেশ সংলাপের একশ একুশতম পর্ব অনুষ্ঠিত হয়।