সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালি-পাথর মহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাহিরপুর থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান, উপজেলা ফাজিলপুর বালি-পাথর মহাল নিয়ে দক্ষিণকল গ্রামের রতি মিয়া ও ফাজিলপুর গ্রামের কাসেমের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলে আসছে।এর জেরে শনিবার রতি মিয়া ও কাসেমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুইপক্ষের অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
