২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গা হলে জজ ও ম্যাজিস্ট্রেট আদালত পাশাপাশি: আইনমন্ত্রী

জমির সমস্যা মিটে গেলে নারায়ণগঞ্জে জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত পাশাপাশি এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

আইনজীবী নেতাদের উদ্দেশে তিনি বলেন, জায়গার সংকুলান হলে জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত পাশাপাশি থাকা উচিত।

তিনি বলেন, আসামি জামিন পাওয়ার জন্য ‘সিআর মিস’ করেন। তখন অনেক সময় রেকর্ড আসে না।

“রেকর্ড যদি জাহাজ যেখানে থামে সেখানে থাকে, আর আদালত যেখানে থাকে সেখানে যদি বাস থামে, তাহলে রের্কড আসতে আসতে সাজা খাটা হয়ে যাবে,” বলেন তিনি।

তিনি স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপানারা নারায়ণগঞ্জের জমির সমস্যা মিটিয়ে দিলে জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত এক জায়গায় আনার ব্যবস্থা করা হবে।

জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারী সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জেলা জজ সৈয়দ এনায়েত হোসেন, নারী ও শিশু আদালতের জেলা জজ কে এম রাশেদুজ্জামান রাজা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম।