রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।
বৃহস্পতিবার বিকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় বিমান বাহিনীর প্রধান তার কার্যকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।”
রাষ্ট্রপতি এসময় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ইনামুল বারীকে ধন্যবাদ জানান।
ইনামুল বারী আগামীকাল (শুক্রবার) অবসরে যাচ্ছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল আবু এসরার।
