নাটোরে ধানের ট্রাক উল্টে নিহত ৩
নাটোরের সিংড়া উপজেলায় ধানবোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে টোল আদায়কারী দুই কর্মচারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে সিংড়া টোলবক্সের সামনে বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার এসআই সাইফুল ইসলাম জানান।
নিহতরা হলেন- টোলবক্সের দুই কর্মচারী শাহীন ইসলাম (৩০) ও শুভ হোসেন (১৭) এবং স্থানীয় মোটরমেরামত দোকানের কর্মচারী মিলন। সবার বাড়ি সিংড়া পৌর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টোলবক্সের সামনে এসে আড়াইশ বস্তা ধানবোঝাই ট্রাকটির একটি চাকা নষ্ট হয় যায়। এরপর চালক ও তার সহকারী টোলবক্সের পাশের মোটরমেরামত দোকানের কর্মচারী মিলনকে নিয়ে চাকা পাল্টানোর কাজ শুরু করেন।
“এ সময় তাড়াহুড়োর মধ্যে ট্রাকের জ্যাক স্ক্রু পিছলে যায় এবং ট্রাকটি ডানদিকে উল্টে যায়। এতে মিলন ট্রাকের নিচে এবং টোলবক্সের সামনে দাঁড়িয়ে থাকা শাহীন ও শুভ ধানের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি সরিয়ে নেয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে এসআই সাইফুল জানান।
