সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত
সৌদি আরবের দাম্মামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার সকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- লক্ষ্মীপুরের আব্দুর রহমান ও ফেনীর মোহাম্মদ বশির।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি নূর মোহাম্মদ মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গ্যাস লাইনের সমস্যার কারণে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।”
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে রিয়াদ থেকে একটি প্রতিনিধি দলকে দাম্মাম পাঠানো হয়েছে বলে জানান তিনি।
“রিয়াদ থেকে দাম্মাম যেতে কিছুটা সময় লাগে। তারা ফিরে আসলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে,” বলেন দূতাবাস কর্মকর্তা মাসুম।
