২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ লাইন স্থাপনে ঘুষ দাবির অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 07:19 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

রাজু আহমেদ নামের ওই ঠিকাদার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে সংযোগ লাইন নির্মাণের কাজ পেয়েছেন, যা এখনও শুরু করেননি তিনি।

স্থানীয়রা জানান, সরকারি নিয়ম অনুসারে ‘টাকার বিনিময়ে বিদ্যুৎ লাইন’ (ডিপোজিট ওয়ার্ক লাইন) নির্মাণ করে গ্রামের ৩৬টি বাড়িতে সংযোগ নেওয়ার জন্য ২০০৮ সালে আবেদন করা হয়।

পল্লী বিদ্যুতের কর্মকর্তারা গ্রাম পরিদর্শন করে ২০১৪ সালে ওই আবেদন অনুমোদন করেন।

এরপর পল্লী বিদ্যুৎ সমিতি লাইন নির্মাণের ব্যয় নির্ধারণ করে দিলে গত বছরের ১৪ ডিসেম্বর গ্রামের ৩৬ পরিবারের পক্ষ থেকে দুই লাখ ৮৪ হাজার ৬৬২ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হয়।

চলতি বছর ফেব্রুয়ারিতে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সাতটি খুঁটি বসিয়ে লাইন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করলে ঠিকাদার রাজু কাজটি পান।

তেঘরিয়া গ্রামের মুনছুর রহমান অভিযোগ করেন, মার্চের প্রথম সপ্তাহে পল্লী বিদ্যুৎ সমিতি লাইন নির্মাণের জন্য দুই মাসের সময় বেঁধে দিয়ে ওই ঠিকাদারকে কাজটি করার অনুমতি দেয়।

এরপর ঠিকাদার রাজু তাদের গ্রামে গিয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ও স্টোর কিপারকে ঘুষ দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা দাবি করেন।

টাকা না দিলে এ কাজ বাতিল করে দেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেন মুনছুর।

মনছুর আরও বলেন, এ কারণে বাধ্য হয়ে মঙ্গলবার ঠিকাদার রাজুকে ২০ হাজার টাকা দিতে চাইলেও তিনি ৪০ হাজার টাকার কম নিতে রাজি হননি।

দাবি করা পুরো ৪০ হাজার টাকা না দিলে এ কাজ বাতিল করে দেবেন বলেও হুমকি দেন ঠিকাদার রাজু।

তবে ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টোরে মালামাল না থাকায় কাজ শুরু যায়নি। মালামাল আসলে কাজ শুরু করা হবে।

এরপর তিনি আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেন এবং পরে আবার ফোন করলে তিনি ধরেননি।

স্টোরে মালামাল না থাকার দাবি নাকচ করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নূর রহমান বলেন, “স্টোরে পর্যান্ত পরিমাণ মালামাল মজুদ রয়েছে। আর মালামাল মজুদ করার পরই ডিপোজিট ওয়ার্ক লাইনের কাজের টেন্ডার আহ্বান করা হয়।”

সমিতির বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার কেন কাজ শুরু করেনি তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ঠিকাদারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে নূর রহমান বলেন, “সমিতির কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গ্রামবাসীর কাছে ঠিকাদারদের ঘুষ চাওয়ার বিষয়টি আগেও শুনেছি। তবে এ নিয়ে হাতেনাতে কোনো প্রমাণ এখনও পাইনি।”

কোনো ঠিকাদার ঘুষ চাইলে তার সঙ্গে যোগাযোগ করে হাতেনাতে ধরিয়ে দেওয়ার জন্য গ্রামবাসীকে পরামর্শ দেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির এই সমিতির মহাব্যবস্থাপক।