নওগাঁয় ভটভটি খাদে, নিহত ১
নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি খাদে পড়ে এক আরোহী নিহত ও চালক আহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর আলম (৪০) ধামইরহাট উপজেলার আলমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি কোমল পানীয় সরবরাহকারী একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক জানান, বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার নেপালপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ভটভটি চালক কালু মিয়াকে (৪৫) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি রফিক জানান, জাহাঙ্গীর মাতাজি বাজার থেকে কালু মিয়ার ভটভটি ভাড়া করে ‘স্পিড’সহ বিভিন্ন ধরনের কোমল পানীয় নিয়ে ধামইরহাটে যাচ্ছিলেন। পথে নেপালপুর মোড় এলাকায় ওই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে রাস্তার পাশের পড়ে যায়।
এ সময় ভটভটির চাপায় ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।
স্থানীয়রা চালক কালু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান ওসি রফিক।
