সচেতন না হলে সামনে পানি সঙ্কট, সতর্কবার্তা মন্ত্রীর
অপচয় রোধ করে পানির উৎসধার সংরক্ষণ করতে না পারলে ২০ বছর পর বাংলাদেশ ভয়াবহ পানি সঙ্কটে পড়বে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত মদুনাঘাট পানি শোধনাগারের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।
আশরাফ বলেন, আগে এক সময় গ্রামে প্রত্যেক বাড়িতে পুকুর ছিল। কিন্তু তা ভরাট করে এখন খামার করা হয়েছে, নদীগুলোও ধ্বংসের পথে।
“পানির এ উৎসধারগুলো ধ্বংস করে বিলিয়ন বিলিয়ন ডলারের পানি শোধনাগার করলেও কাজ হবে না। উৎস সংরক্ষণ করতে না পারলে আগামী ২০ বছর পর বাংলাদেশ ভয়াবহ পানি সঙ্কটে পড়বে।”
সেই সঙ্কট এড়াতে পানির অপচয় রোধ করে উৎসধারগুলো সংরক্ষণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
পানি পরিশোধনের ব্যয়ের দিকটি তুলে ধরে আশরাফ বলেন, “এক লিটার পানি শোধন করতে যে পরিমাণ খরচ, তা এক লিটার পেট্রোলিয়ামের চেয়েও বেশি।”
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভূ-পৃষ্ঠের উপরের পানি ব্যবহার উপযোগী করে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার উপর রজোর দেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নিজেই চট্টগ্রামের পানি সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
প্রতিদিন প্রায় ৯ কোটি লিটার পানি শোধন করার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে মদুনাঘাট পানি শোধনাগার। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় দক্ষিণ কোরীয় ঠিকাদার প্রতিষ্ঠান তেয়াং এটি বাস্তবায়ন করছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৯১ কোটি টাকা।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সভাপতিত্বে ভিত্তিস্থাপন অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভূমি-প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
