২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি বাস উদ্বোধনের পরই আটকাল মাঝপথে

পিরোজপুর-বেনাপোল রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনের পর যাত্রার প্রথম গাড়িটি বাগেরহাটে আটকে দিয়েছে বাস মালিক সমিতির লোকজন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বাগেরহাট বাস টার্মিনালের সামনে বুধবার সকালে এ ঘটনায় ওই গাড়ির চালক মো. মফিজুল সেখ (৩৫) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন, বিআরটিসি কর্তৃপক্ষ ও বাসটির চালক জানান, ওই সময় হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে বেনাপোলগামী যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়।

পরে যাত্রীরা নিজেদের মতো করে গন্তব্যে চলে যান বলে জানান তারা।

বাসটির চালক মফিজুল সেখ জানান, পিরোজপুর থেকে বেনাপোলের উদ্দেশে সকাল ৯টার দিকে গাড়িটি যাত্রা শুরু করে।

বাগেরহাট বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে ওখানকার বাস মালিক ও শ্রমিক সংগঠনের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

তারা চালককে মারধর করে এবং রাস্তায় গাড়ি চালাতে হলে চাঁদা দিতে হবে বলে জানায়, বলেন মফিজুল।

পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী জানান, সকালে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়ির শুভ যাত্রা করিয়ে দেওয়া হয়। এরপর এ ঘটনা হামলা নিন্দনীয়।

“যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছি,” বলেন তিনি। 

এ ব্যাপারে খুলনা বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার মো. মফিজ উদ্দিন বলেন, “সরকারি গাড়ি বিভিন্ন রুটে চলাচলে বাস মালিক সমিতির নেতারা সব সময়ই ঝামেলা বাধিয়েছে, এখনও বাধাচ্ছে। তাদেরকে কেন চাঁদা দিতে হবে সরকারি রাস্তায় চলাচলের জন্য।”

এ ব্যাপারে বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হোসেন মনি বলেন, পিরোজপুর থেকে বাসটি বেনাপোল গেলেও যেতে হয় বাগেরহাটের উপর দিয়ে। অথচ বাগেরহাট বাস মালিক সমিতিকে তারা বিষয়টি জানায়নি। তাই বাসটিকে বাগেরহাটে আটকে দেওয়া হয়েছে।

বিষয়টির সুরাহ না করলে এ জেলার উপর দিয়ে ওই বাস চলতে দেওয়া হবে না।

তবে, বাস চালককে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

সকালে পিরোজপুর সদর উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও জেলা প্রশাসক যাত্রীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করিয়ে বাসটির যাত্রার উদ্বোধন করেন।