পুলিশ হত্যা মামলায় বাদ আনোয়ার-রিজভী-মিন্টু
মামলায় আসামি করলেও বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাকে বাদ দিয়েই রাজধানীর মৎস্য ভবনের সামনে বোমা ছুড়ে কনস্টেবল শামীম মিয়া হত্যাকাণ্ডের অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস।
অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ৫২ জনকে সাক্ষীর তালিকায় রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান।
এই মামলার এজাহারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু আসামি ছিলেন, তাদের অভিযোগপত্রে বাদ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে সোহেল ছাড়া আর যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- আনোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন, আব্দুস সাত্তার, রফিক আকন্দ, আলফাজ ইলিয়াস আব্বাস, শাহ আলম মজিদ। তাদের রাজনৈতিক কোনো পরিচয় অভিযোগপত্রে উল্লেখ নেই।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রোলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওই ঘটনায় রমনা থানায় মামলাটি করেন উপ-পরিদর্শক শফিউল ইসলাম।
