২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অভাবে চট্টগ্রাম

চাহিদার চেয়ে কম সরবরাহের কারণে চট্টগ্রামে গ্যাস সঙ্কটে জনদুর্ভোগ আরও প্রকট হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

সোমবার দ্বিতীয় দিনের মতো নগরীর বেশিরভাগ এলাকার বাসাবাড়িতে অধিকাংশ সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

পাশাপাশি শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

গ্যাস সরবরাহ কম হওয়ায় চট্টগ্রামের চারটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দুটি বন্ধ হয়ে গেছে।

সিলেটের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে যান্ত্রিক সমস্যার (কনডেনসেট ওভার ফ্লো) কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (প্রকৌশল) মতিউর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাসের উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যায়। এসব উপজাত বিপিসি কিনে নিত।

“গত কয়েকদিন ধরে তারা তা নিচ্ছে না। এতে পাইপ লাইনে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে এবং সরবরাহও কমে গেছে। পাশাপাশি গ্যাসের চাপও কম।”

তবে মঙ্গলবার গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন মতিউর রহমান।

গ্যাসের অভাবে গত শনিবার রাতে চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্রের ১৮০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট এবং শিকলবাহার ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার চালু থাকা দুটি কেন্দ্র থেকে মোট ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে।

এদিকে গ্যাস সঙ্কট নিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এক চিঠিতে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, গ্যাস সরবরাহ কম হওয়ায় গত দুই দিনে অনেক কারখানার যন্ত্রপাতি কয়েক ঘণ্টা চালিয়ে উৎপাদনের জন্য প্রস্তুত হওয়ার পরই আবার গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

এ কারণে শিল্পখাত মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে দাবি করে চেম্বার সভাপতি জাতীয় গ্রিড থেকে বন্দর নগরী চট্টগ্রামে সরবরাহ স্বাভাবিক রাখতে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। 

কেজিডিসিএল কর্মকর্তা মতিউর রহমান জানান, চট্টগ্রামে দৈনিক ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে সোমবার মাত্র ১৮৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

এর আগে রোববার চট্টগ্রামে গ্যাস সরবরাহ ছিল ২২৮ মিলিয়ন ঘনফুট।

এদিকে সোমবার সকাল থেকেই নগরীর খুলশী, বাকলিয়া, আসকার দিঘীর পাড়, মোমিন রোড, বায়েজিদসহ প্রায় সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরে কোনো কোনো এলাকায় বিকালে ও কয়েকটি এলাকায় সন্ধ্যার পর গ্যাস সরবরাহ শুরু হয়। তবে প্রায় সবক্ষেত্রেই গ্যাসের চাপ ছিল কম।

বাসাবাড়িতে গ্যাস না থাকায় চাপ পড়েছে হোটেল-রেস্তোরাঁয়। তবে গ্যাস সঙ্কটের কারণে হোটেলে গিয়েও খাবার পাননি নগরবাসী।

রোবাবার রাতে ও সোমবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে হোটেলে ছিল লম্বা লাইন।

বিঘ্নিত হয়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ। স্টেশনগুলোর সামনে ছিল গাড়ির লম্বা সারি।

দ্বিতীয় দিনের মত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও গ্যাস সরবরাহ করা হয়নি।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকেও সিলিন্ডার ব্যবহার করে প্রায় আড়াই হাজার রোগীর খাবার রান্না করা হয়েছে।”