ডাকাতির প্রতিবাদে আশুগঞ্জে নৌ-ধর্মঘট
মেঘনায় জাহাজে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরের শ্রমিকরা।
রোববার ভোর থেকে এ ধর্মঘট শুরু করে আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশন।
আশুগঞ্জ নৌযান মালিক সমিতির সভাপতি (পূর্বাঞ্চল) নাজমুল হোসেন হামদু জানান, ধর্মঘটের কারণে ভোর থেকে আশুগঞ্জ নৌ-বন্দরে পণ্য উঠা নামা বন্ধ রয়েছে। বন্দর থেকে ছেড়ে যায়নি কোনো যান।সার, রড, সিমেন্ট ও পাথরবাহী দেড়শতাধিক কার্গো জাহাজ বন্দরে আটকা রয়েছে।
হামদু বলেন, “গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জের মেঘনা নদীতে হাজি ইমান আলী নামে একটি জাহাজে ডাকাতি হয়।এই ব্যাপারে আশুগঞ্জ থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি এবং কাউকে গ্রেপ্তার করেনি।”
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা না নেওয়ায় নৌযান শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে বলে জানান তিনি।
ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দেশব্যাপী নৌ ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন নৌযান মালিক সমিতির এ সভাপতি।
ডাকাতির শিকার হাজি ইমান আলী জাহাজের মাস্টার মাসুদ বলেন, গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জ সারকারখানা ঘাটে একদল ডাকাত শ্রমিকদের মারধর করে এবং জাহাজ থেকে দুইশ’ লিটার তেল, নয়টি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি আবু জাফর মামলা না নিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেন বলে অভিযোগ করেন মাসুদ।
মাসুদ বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।”
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, নৌপথে ডাকাতি হলে পুলিশ মামলা না নিয়ে উল্টো নৌযান শ্রমিকদের হয়রানি করে।
তবে আশুগঞ্জ থানার ওসি আবু জাফর এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে মামলা নেওয়া হবে।
