২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে রডবোঝাই ট্রাক ছিনতাই

মানিকগঞ্জে ঘিওর উপজেলায় লোহার রডবোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ট্রাক চালকের সহকারী রাজিব মিয়া (২৪) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘিওর থানার ওসি শওকত আলম জানান, লোহার রড নিয়ে ট্রাকটি ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল।

জোকা এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত অন্য একটি খালি ট্রাক নিয়ে ওই ট্রাকটির রাস্তা আটকায়।

এরপর ট্রাক চালকের সহকারী রাজিব মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত ও চালক অর্পণ বাড়ৈকে রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে সড়কের পাশে ফেলে রডবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রাজিব ও অর্পণকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি শওকত।