২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই উপজেলায় গলাকাটা ও ঝুলন্ত লাশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা-মুখ বাঁধা গলাকাটা লাশ উদ্ধার হয়েছে; সিরাজদিখান উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির লাশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শুক্রবার সকালের দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে দুই উপজেলার পুলিশ জানায়।

গজারিয়া থানার এএসআই তোফাজ্জল হোসেন জানান, সকালে গজারিয়ার বাউশিয়ায় কলিমুল্লা মাদ্রাসার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“নিহতের গলা কাটা এবং হাত-পা ও মুখ বাঁধা ছিল। তার পরনে কাপড় ছিল না। সম্ভবত তাকে অন্য কোথাও খুন করে রাতের কোনো এক সময় লাশ ফেলে যাওয়া হয়েছে।”

অজ্ঞাতপরিচয় ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানান তোফাজ্জল।

এদিকে, প্রায় একই সময়ে সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামে জমির উদ্দিন (৫৬) নামে স্থানীয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজদিখান থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, জমিরের লাশটি তার বাড়ির বাইরে একটি গাছ থেকে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলছিল।

“প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমুত্যু মামলা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ দুটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।