২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 08:56 AM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের রাজু শাপলাবাগ আবাসিক এলাকার রাজু স্বর্ণকার (৩০), তার ভায়রা জামালপুরের সবুজ স্বর্ণকার (২৮) ও মাইক্রোবাসের চালক শ্রীমঙ্গলের উত্তর-উত্তরসুরে এলাকার আরিফ মিয়া (২৭)।

রাজু শ্রীমঙ্গল উপজেলা সদরের নতুন বাজারের ‘রাজু জুয়েলার্স’র মালিক। আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজু তার ভায়রা সবুজ ও কয়েকজন আত্মীয়কে নিয়ে সিলেটে শাহজালালের মাজার ঘুরে ওই গাড়িতে করে শ্রীমঙ্গলে ফিরছিলেন।

পথে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় গাড়ির ডান দিকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন বলে এসএই গিয়াস জানান।