কক্সবাজারে এক ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজার শহর থেকে এক ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে শহরের ঝিলংজা পেতা সওদাগরপাড়া থেকে জিয়াউর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
জিয়াউরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
ওসি বখতিয়ার বলেন, রাত ৮টার দিকে পেতা সওদাগরপাড়ায় নিজের বাড়ি থেকে জিয়াউরকে গ্রেপ্তার করা হয়।
“তিনি দীর্ঘদিন ধরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানবপাচার করে আসছিলেন। জিয়াউর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাবাসহ পরিবারের একাধিক সদস্য মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
এছাড়া বুধবার সকালে কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী মোহাম্মদ একরামকে গ্রেপ্তার করে পুলিশ।
