২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীকর্মীর মৃত্যুর পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আধাঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে পোশাক শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 10:00 AM

Updated : 12 Oct 2022, 03:44 PM

কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার এসআই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায় তুশুকা গার্মেন্টের সামনে বাসচাপায় ওই নারীর মৃত্যু হয়।

নিহত নসিমন বেগম (৪৫) লালমনিরহাটের কালীগঞ্জ থানার মধ্যগোপালরায় গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। তিনি ডিজাইনটেক্স সুয়েটার লিমিটেড কারখানায় ক্লিনারের কাজ করতেন। পরিবারের সঙ্গে বাইমাইল এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন তিনি।

এসআই সাইফুল বলেন, “নসিমন বেগম সকালে বাসা থেকে বেরিয়ে কাজ যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।"

সে সময় ওই রাস্তা দিয়ে শত শত শ্রমিক বিভিন্ন কারখানায় কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে তারা উত্তেজিত হয়ে সড়ক আটকে ভাংচুর শুরু করেন।

এসআই সাইফুল জানান, এ সময় কমপক্ষে ১৫টি যানবাহন ভাংচুরের শিকার হয়।

পরে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থালে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। তারপরও ‘ভাংচুর না থামায়’ পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে এসআই সাইফুল জানান।

“এ সময় কয়েকজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯ টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।"

শ্রমিকের মৃত্যু ও বিক্ষোভের পর ডিজাইনটেক্স সুয়েটার লিমিটেডে মঙ্গলবার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।