২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হামলায় যুবলীগ নেতা নিহত

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় নিহত হয়েছেন যুবলীগের স্থানীয় এক নেতা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 12:29 AM

Updated : 22 Aug 2022, 12:24 PM

নিহত আজিজুল হক সোনাগাজীর সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

সোমবার রাতে সোনাপুর গ্রামের ওই হামলায় দুজন গুলিবিদ্ধসহ অন্তত আরও পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আজিজ নিহত হয়েছেন।

আহত যুবলীগ নেতা হুমায়ুন কবির স্বপন জানান, রাত ৯টার দিকে স্থানীয় সাংসদ রহিম উল্যার সমর্থকরা স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের কাছে চাঁদা দাবি করে।

“চাঁদা দিতে অস্বীকার করায় সাংসদের দেহরক্ষী আলাউদ্দিন আলোর নেতৃত্বে একদল সন্ত্রাসী সোনাপুর বাজারে ১০/১২টি ককটেল ফাটায়। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি করলে আজিজুল হক, হুমায়ুন কবির স্বপন ও নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়।”

আজিজ, স্বপন, নুরুলসহ আহত অন্য দুজন রিপন ও মাহতাবকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে আজিজ ও স্বপনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। ফেনী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষনা করে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুষেন চন্দ্র শীল বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে সাংসদের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সুষ্ঠু বিচার করতে হবে।”

স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগ সমর্থক রহিম উল্যাহর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

পুলিশ কর্মকর্তা সামছুল আলম বলেন, অভিযান চালিয়ে শিপলু নামে এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।