বাজেট অধিবেশন শুরু
শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এই অধিবেশনেই আগামী বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়।
বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন।
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
দশম সংসদের ষষ্ঠ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খসরু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফখরুল ইমাম ও শিরীন নাঈম।
এরপর স্পিকার সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সউদ, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী নি কুয়ান ইউ, সাবেক সংসদ সদস্য আফছার আলী, সাবেক গণপরিষদ সদস্য সেতাব আলী খান, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, মোহাম্মদ সেলিম, মুহাম্মদ আশরাফ আলী, মাইন উদ্দিন ভূঁইয়া, মজিবুর রহমান মঞ্জু, ফজলুর রহমান সুলতান, চৌধুরী মোতাহার হোসেন, নওশের আলী সরকার, সংসদ সচিবালয়ের কর্মচারী মো. শাহজাহান খান, আগরতলা মামলার আসামি আবদুর রউফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব আমিনুল হক বাদশা, ভাস্কর নভেরা আহমেদ, সাংবাদিক হোসাইন জাকির, অভিনেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাতও ধরেন সংসদ সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুন।
অধিবেশন ৯ জুলাই পর্যন্ত
অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি।
কমিটি আগামী ৯ জুলাই পর্যন্ত চলমান অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজেটের ওপর মোট ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি। আগামী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন।
এছাড়া রোজার মধ্যে অধিবেশন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। রোজার মাস ছাড়া বিকাল সাড়ে ৫টা থেকে অধিবেশন শুরু হবে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে যোগদান করেন।
