২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা অয়েলের দুই শ্রমিক নেতার বিরুদ্ধে ধর্ষণ-হত্যার মামলা

চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির দুই শ্রমিক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও শিশু হত্যার অভিযোগে মামলা করেছেন এক নারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল-২ এ মামলাটি হয়।

ট্রাইব্যুনালের বিচারক মীর শফিকুল আলম মামলাটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে ইপিজেড থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক।

আসামিরা হলেন- যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সভাপতি মো. সেলিম (৪৫) ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুব (৪১)।

বন্দর টিলা এলাকায় বসবাসরত ৩০ বছর বয়সী ওই নারীর দাবি, ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তার সন্তানকে হত্যা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইয়াকুব তার বাসায় নিয়ে বাদীকে ধর্ষ’ করেছিল।  

ইয়াকুবের সূত্রে পরিচিত সেলিমও পরে বাদীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং এক পর্যায়ে বাদী সন্তানসম্ভবা হয়ে পড়েন বলে এজাহারে বলা হয়েছে।

বাদীর অভিযোগ, তিনি গর্ভপাতে রাজি না হওয়ার পর গত বছরের ২৩ নভেম্বর তাকে বিয়ে করেন সেলিম।

এরপর গত ২০ মে বন্দরটিলা এলাকার মমতা ক্লিনিকে বাদী একটি শিশু সন্তান প্রসব করেন বলে মামলায় বলা হয়েছে।

“তবে ক্লিনিকের কর্মচারীদের যোগসাজশে শিশুটিকে হত্যা করে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং ২১ মে মৃত্যু সনদ গ্রহণ করে তাকে না জানিয়ে দাফন করে।”

আইনজীবী ভুলন ভৌমিক জানান, ২০১২ সালের ১৪ ডিসেম্বর থেকে এ বছরের ২১ মে পর্যন্ত ঘটনার সময়কাল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।