২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্থপথে পাইলিংয়ে আবার ধস

রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের ধস থেকে সুন্দরবন হোটেল বাঁচাতে পাঁচ দিন ধরে বালু ফেলার মধ্যে এবার উল্টোদিকে একটি গ্যারেজের বড় অংশ ধসে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 10:27 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

রোববার সন্ধ্যায় পাইলিং এলাকার পশ্চিম পাশের গ্যারেজের প্রায় ২০ ফুট ধসে পড়েছে বলে কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে কেউ আহত হননি। ঘটনার সময় সেখানে কেউ ছিল না।”

নতুন করে এ ধসের পর কোনো সড়কের যান চলাচল বন্ধ হয়নি বলে জানান তিনি।

নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক আখতারুল আলম বলেন, “আমরা পূর্ব দিক থেকে বালি ভরাট করছি। যে অংশ ধসে গেছে সেই অংশে এখনও বালি ফেলা হয়নি।

তিনি বলেন, গত কয়েকদিনে দুই হাজার ট্রাক বালি ফেলা হয়েছে। আরও দুই হাজার ট্রাক বালি ফেলা হলে পুরো এলাকায় আর ধস হবে না বলে আশা করছেন তারা।

গত বুধবার সকালে বৃষ্টির মধ্যে বীর উত্তম সি আর দত্ত সড়ক লাগোয়া হোটেল সুন্দরবন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্মাণাধীন টুইন টাওয়ারের মাঝের ১৫ ফুট প্রশস্ত সড়কটি ধসে পাশের পাইলিংয়ের গর্তে চলে যায়।

মাটি আলগা হয়ে বেইজমেন্টের একটি অংশের দেওয়াল গর্তে চলে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে ছয়তলা সুন্দরবন হোটেল। ওই গলির সামনের অংশে বীর উত্তম সি আর দত্ত সড়কেও ফাটল তৈরি হয়।

এরপর সুন্দরবন হোটেল বাঁচাতে পাইলিংয়ের দক্ষিণ পূর্ব দিকে বালু ফেলার মধ্যে পরদিন রাতে উত্তরপূর্ব দিকে কারওয়ানবাজার মোড়ের দক্ষিণপশ্চিম কোণে ধসে বেশ কয়েকটি বৈদ্যুতিক তারের খুঁটি পাইলিংয়ের মধ্যে পড়ে।

ধস ঠেকাতে বালু ফেলতে ট্রাক চলাচলের জায়গা করে দিতে কয়েকদিন ধরে হাতিরপুল-কারওয়ানবাজার-পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ থাকে। রোববার সকালে কারওয়ানবাজার থেকে পান্থপথমুখী সড়কটি খুলে দেওয়া হয়েছে।