উচ্ছেদ নয়, স্বীকৃতি দিন: হকার্স ইউনিয়ন
উচ্ছেদ না করে হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা সিপিবি নেতা মনজুরুল আহসান খান।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত সমাবেশে তিনি বলেন, “হকাররা যে নিজেরাই নিজেদের কাজ খুঁজে নিয়েছে, এজন্য তাদের স্বীকৃতি দেওয়া উচিৎ।”
সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান যানজটসহ রাজধানীর বিভিন্ন সমস্যার জন্য এককভাবে হকারদের দায়ী করার বিরোধিতা করেন।
“ঢাকা মেডিকেলসহ আরও অনেক স্থান থেকে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। বলা হচ্ছে, হকারদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা জানতে চাই, বনানীসহ অভিজাত এলাকায় কোনো হকার না থাকার পরও সেখানে কেন যানজটের সৃষ্টি হয়?”
সরকার বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি বলে হকারিতে যু্ক্ত যুবকরা স্বউদ্যোগে নিজেদের কাজ খুঁজে নিয়েছে দাবি করে তা থেকে তাদের না সরানোর আহ্বান জানান মনজুরুল আহসান।
“হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত বেকার যুবকদের সারি আরও দীর্ঘ করবে। কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করার সিদ্ধান্ত প্রাণঘাতী হবে।”
আবুল হাসেম কবিরের সভাপতিত্বে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন হকার নেতা হযরত আলী ছাড়াও বক্তব্য রাখেন সিপিবি নেতা ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
