২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে গেল চবির উপাচার্য নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের সপ্তম বিশেষ সভা স্থগিত করেছে হাই কোর্ট, শনিবারের এই সভায় উপাচার্য প্যানেল নির্বাচনের কথা ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ ওই সভা স্থগিতের আদেশ দেয়।

সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও সংস্কৃত বিভাগের প্রভাষক লিটন মিত্র এই আবেদন করেন।

লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ না করায় এই রিট আবেদন করা হয়।”

সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ছাত্র প্রতিনিধিরাও ভোট দেয়। কিন্তু শিক্ষক প্রতিনিধি নির্বাচন হলেও রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ও চাকসু নির্বাচন না হওয়ায় এই আবেদন করেন ওই তিন শিক্ষক। 

আবেদনকারীদের আইনজীবী তৌহিদুল ইসলাম, “গত ৫ মে এই রিট আবেদনের শুনানি হয়েছিল। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করলে আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন।”

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উচ্চ আদালতের নির্দেশে সভা স্থগিতের কথা জানানো হলেও বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ৩০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৬ সালে সর্বশেষ রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। চাকসু নির্বাচনও হয় না দুই দশক ধরে।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের পর শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার দাবিতে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকরা ওই নির্বাচন বয়কট করেছিলেন।