২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রশ্নপত্র ফাঁস: মামলা দায়ের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বৃহস্পতিবার টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ।

এদিকে পরীক্ষা পরিচালনার জন্য আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুরের জেলা প্রশাসককে।

মামলার বিবাদীরা হলেন, ওই প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আনসার (৩১), স্কুল শাখার সিনিয়র শিক্ষক মশিউল ইসলাম (৪৫) ও অফিস সহকারী আবুল হোসেন (৫০)।

টঙ্গী থানার এসআই মোস্তাফিজুর রহমান মামলার সত্যাতা নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) তপন কুমার সরকার গত ২০ মে সকাল সোয়া ৯টায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র টঙ্গী-২ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।

ওই সময় তিনি অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিদ্যালয় শাখার সিনিয়র সহকারী শিক্ষক মশিউল ইসলাম ও অফিস সহকারী আবুল হোসেনকে সৃজনশীল (সিকিউ) প্রশ্ন বাছাই করতে দেখেন।

পাশে থাকা বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের প্যাকেটও খোলা দেখতে পান তিনি।

পরে প্যাকেটগুলো যাচাই করে প্রতি সেট থেকে ১টি করে প্রশ্ন কম পান।

বহুনির্বাচনী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বোর্ড থেকে সিলগালা করা ওই প্রশ্নপত্রের প্যাকেট খোলার নিয়ম রয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক চলতি বছরের এইচএসসি পরীক্ষার রসায়ন ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের প্রতি সেটের (ক, খ, গ ও ঘ) একটি করে প্রশ্ন কম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের ক সেটের দুটি প্রশ্ন কম পান।

জিজ্ঞাসাবাদে তিনি (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক) জানতে পারেন, ইতোপূর্বে সকাল সাড়ে ৮টার দিকে প্রভাষক আব্দুল্লাহ আল আনসার থানা থেকে সিলগালা করা প্রশ্নের প্যাকেট কেন্দ্রে নিয়ে আসেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ বলেন, ওই পরীক্ষা পরিচালনা কমিটির সকল সদস্যকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জন্য স্থানীয় জেলা প্রশাসককে বলা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক  মো. নূরুল ইসলাম জানান, আগের কমিটি বাদ দিয়ে বৃহস্পতিবার নতুন কমিটি গঠন করে দেওয়া হয়েছে।