২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভাসমান ১৭ বাংলাদেশিকে টেকনাফে উদ্ধার

বেশ কিছুদিন সাগরে ভাসার পর ফেরত আসা ১৭ বাংলাদেশিকে কক্সবাজারের টেকনাফ উপকূলে উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে বিজিবির নিয়মিত টহল দল তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আবু রাসেল জানান, ৫০ দিন আগে মালয়শিয়া নেওয়ার কথা বলে দালালদের একটি চক্র তাদের কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে মাছধরা ট্রলারে তুলে দেয়।

এরপর থেকে দালাল চক্রের সদস্যরা তাদের সাগরে ট্রলারে ভাসমান অবস্থায় রাখে।

বৃহস্পতিবার অপরিচিত কিছু লোক ছোট একটি ট্রলারে তুলে তাদের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর পাড়ে নামিয়ে দিয়ে যায়।

পরে বিজিবির শাহপরীরদ্বীপ বিওপির একটি টহল দল নদীর পাড়ে তাদের দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা রাসেল।

উদ্ধাররা হলেন নরসিংদীর রায়পুর উপজেলার দক্ষিণ মির্জানগরের মো. বিল্লাল হোসেন (২৮), মোহাম্মদ শফিক (২৩), মো. কাজী ইলিয়াছ (৫৬), মো. কাউসার মিয়া (২২), শিবপুরের বড়কান্দা সপরিয়া এলাকার মো. রকিব (২৩), নরসিংদী সদরের চৌয়া গ্রামের মো. আসাদ মিয়া (৩০), মো. ইউসুফ (২০), কান্দাইল গ্রামের মো. কিরণ মমিন (২১), মো. সোহেল মিয়া (২৩), পাগহাটা মীরাপাড়ার মোহাম্মদ আলম (৩৫) ও চাঁখোলা গ্রামের মো. সাহাবুদ্দিন (৩৭)।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ মরহলা গ্রামের মো. আবু বক্কর ( ২১), মো. শাহজাহান আলী (২৪) ও আশকর আলী বাড়ি গ্রামের মো. ইউনুস আলী (২৬)।

নারায়ণগঞ্জ সদরের বাবুরাই গ্রামের মো. নবী হোসেন (২৮) ও রুপগঞ্জ উপজেলার বেলাবো গ্রামের মানিক মোদক (২৪) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাবিলপুর গ্রামের মো. লোকমান আলী (২৫)।