জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধ, ডাকাত’ নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোলামগাড়ীহাট-শিবপুর সড়কের মহেশপুর গ্রামের ধামসুন্ডি মাঠ এলাকায় বুধবার রাতে এ সংঘর্ষে নিহত হন হযরত আলী (৩৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ-কালুগাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে।
ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতলাল থানা পুলিশের গাড়ি ওই এলাকায় টহল দেওয়ার সময় ‘ডাকাতরা সড়কে গাছ ফেলে অবরোধ দিয়ে ডাকাতির চেষ্টা’ করছিল।
“ওই সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ডাকাত হযরত আলী নিহত হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।”
ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, পুলিশ রাতে লাশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, আরও ২/৪ জন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
