শেখ হাসিনাকে নেপালি প্রধানমন্ত্রীর ধন্যবাদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সাহায্য পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
বুধবার রাতে শেখ হাসিনার কাছে প্রতিবেশী দেশটির সরকার প্রধানের টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।
রাত ৮টার দিকে টেলিফোন করে ১২ মিনিট বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেন সুশীল কৈরালা।
শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোনে তিনি (সুশীল কৈরালা) ভূমিকম্পের দ্রুত সাহায্য প্রেরণের জন্য প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।”
প্রধানমন্ত্রী এই ভূমিকম্পে নেপালে নিহত, আহত এবং ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শামীম চৌধুরী বলেন, সামনের বৃষ্টির মওসুমে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি নিয়ে নিজের দুর্ভাবনার কথাও প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী।
“প্রধানমন্ত্রী বলেছেন, বৃষ্টির সময় প্রয়োজনে বাড়ি বানানোর সরঞ্জাম বাংলাদেশ থেকে পাঠানো হবে।”
নেপাল তাদের ত্রাণের জন্য প্রয়োজনে বাংলাদেশের ঈশ্বরদী ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারেন বলেও কৈরালাকে জানান শেখ হাসিনা।
গত এপ্রিলে নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে আট হাজারের বেশি মানুষ মারা গেছে।
