সড়কে ধান ফেলে কৃষকের প্রতিবাদ
ধানের ন্যায্য মূল্যের দাবিতে সড়কে ধান ফেলে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের বোরো চাষিরা।
বুধবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন কয়েকশ বোরো চাষি।
সমাবেশে সাতমাথা এলাকার বোরো চাষি বাদশা মিয়া বলেন, “এ বছর এক মণ বোরো ধান উৎপাদনে খরচ হয়েছে ৮০০ টাকা। সেই ধান বিক্রি করতে হচ্ছে ৩০০-৪০০ টাকা মণ দরে। এদিকে কৃষি উপকরণের দাম বেড়েছে দ্বিগুণ।"
সমাবেশে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কলাবাড়ির বোরো চাষি মজিবর রহমান বলেন, “এবার ছয় একর জমিতে বোরো চাষ করেছি। এক একর জমির ধান কেটে পেয়েছি একশ' মণ ধান।
“জমি চাষ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত একরে খরচ হয়েছে ৮০ হাজার টাকা। আর ৪০০ টাকা মণ দরে ১০০ মণ ধান বিক্রি করে পেয়েছি ৪০ হাজার।”
ওই হিসাবে তার ৪০ হাজার টাকা লোকসান হয় বলে জানান তিনি।
বক্তারা ন্যায্যমূল্য নিশ্চিত করতে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান কেনার দাবি জানান।
এর আগে একই দাবিতে রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে, পীরগাছা উপজেলার নব্দীগঞ্জেও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জুলফিকার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর প্রতি কেজি বোরো ধান উৎপাদনে খরচ পড়েছে ২০ টাকা। এ হিসাবে মণ প্রতি (৪০ কেজি) খরচ পড়ে ৮০০ টাকা।
“সরকার প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ২২ টাকা নির্ধারণ করায় প্রতিমণের দাম পড়ে ৮৮০ টাকা। কিন্তু বাজারে ৩০০-৪০০ টাকা মণ দরে ধান কেনা-বেচা হচ্ছে। ধান বিক্রি করতে গিয়ে মণে ৪০০-৫০০ টাকা লোকসান গুণছে কৃষক।”
