নিপীড়নের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেপ্তার এবং ওই ঘটনার প্রতিবাদকারীদের ওপর হামলার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ।
বুধবার প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যর ডাকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বরের কাছে শিশু একাডেমির সামনে পৌঁছে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।
এক পর্যায়ে মিছিলকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে গেলে হাই কোর্ট মোড়ে পুলিশ আবার বাধা দেয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক বলেন, “যৌন নিপীড়কদের ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ। যাদের বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি তারাই আন্দোলন দমানোর চেষ্টা করছে। কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবে না।”
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল অভিযোগ করেন, খোদ পুলিশই ‘নিপীড়নে জড়িত’।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, “যৌন নিপীড়কদের ধরতে পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা যখন এর বিরুদ্ধে আন্দোলন করছি তখন মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”
সমাবেশ শেষে হাই কোর্ট থেকেই মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান বিক্ষোভকারীরা।
পহেলা বৈশাখ বর্ষবরণের দিন টিএসসি এলাকায় নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত ১০ মে মহানগর পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। কয়েকজনকে রাস্তায় ফেলে পেটানোর পাশাপাশি বুট দিয়ে আঘাত করতে দেখা যায় পুলিশকে। একই সময় কয়েকজন নারীকর্মীকে ধাওয়া করে ফেলে পেটাতেও দেখা যায়।
ইসমত জাহান জো নামে এক নারীকর্মীকে চুল ধরে ফেলে দিয়ে পেটানের ছবি গণমাধ্যমে এলে ব্যাপাক সমালোচনার মুখে পড়তে হয় পুলিশকে। ওই ঘটনায় মো. আনিস নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
