মুসা বিন শমসেরের সম্পদ বিবরণী চেয়েছে দুদক
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নোটিসে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে বলে দুদক কমিশনার এম সাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগেই এই নোটিস কমিশন থেকে অনুমোদন করা হয়েছিল, আজ (মঙ্গলবার) বিকালে সেটা পাঠানো হয়েছে।”
একটি আন্তর্জাতিক বাণিজ্য সাময়িকীর প্রতিবেদনকে ভিত্তি করে গত বছর ৩ নভেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে মুসার সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।
সুইস ব্যাংকে মুসার সাত বিলিয়ন ডলার ‘আটকে’ আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
এই সম্পদের উৎস এবং এর সঙ্গে অর্থপাচার যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে কমিশন।
দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর তত্ত্বাবধানে পরিচালিত অনুসন্ধান কাজের অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে তলব করা হয়েছিল মুসা বিন শমসেরকে।
গত ১৮ ডিসেম্বর দুদকে সাংবাদিকদের সামনে মুসা বিন শমসের
আটটি গাড়ি এবং ৪০ জন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে সেদিন দুদকে গিয়েছিলেন মুসা। এই টাকা তিনি বিদেশে উপার্জন করেছেন বলে সে সময় সাংবাদিকদের বলেছিলেন তিনি।
বিদেশি সংবাদ মাধ্যমে ‘বাংলাদেশের প্রিন্স’ হিসেবে পরিচিতি পাওয়া মুসা বিন শমসের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বেয়াই।
মুসার বড় ছেলে ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন।
১৯৫০ সালের ১৫ অক্টোবর ফরিদপুরে জন্ম নেওয়া মুসা ড্যাটকো গ্রুপের মাধ্যমে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন, তবে তার পরিচিতি তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অস্ত্র ব্যবসার কথাই আগে আনে।
১৯৯৭ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারের জন্য ৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই ব্যবসায়ী।
