২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, জীবনানন্দ ছাত্রাবাস বন্ধ

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার বিকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক এ ঘোষণা দেন।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রাবাসটি বন্ধ থাকবে। বুধবার পুলিশ, কলেজ প্রশাসন ও  ছাত্রনেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর ছাত্রবাস খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনা তদন্তে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাংশু কুমার বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান অধ্যক্ষ ফজলুল হক।

পুলিশ জানিয়েছে, ছাত্রাবাস দখলকে কেন্দ্র করে সোমবার রাতে ও মঙ্গলবার বিকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুদফা সংঘর্ষ হয়। মঙ্গলবারের সংঘর্ষে ছয় জন আহত হয়েছে।

আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- সাধন হালদার, আশিষ কুমার বাড়ৈ, পার্থ হালদার, সুমন বিশ্বাস, বাদল দাস ও মনি শংকর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান,  সোমবার রাতে কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের ২০ নম্বর কক্ষে টিটু হালদার নামে এক শিক্ষার্থীকে ওঠান ছাত্রলীগকর্মী পার্থ হালদার ও সবুজ দাস।

পরে তাদের কাছে টিটু হালদারকে ছাত্রাবাসে উঠানোর কারণ জানতে চান প্রতিপক্ষ ছাত্রলীগকর্মী সাধন হালদার ও মনি শংকর সহ কয়েকজন। এ নিয়ে রাতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির  এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে আবারও সংঘর্ষ হয় দুপক্ষের।

বর্তমানে ছাত্রাবাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।