২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হাসান উজ্জামানের মৃত্যু

প্রবীণ সাংবাদিক হাসান উজ্জামান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৯০ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 10:38 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মৃত্যু হয় হাসান উজ্জামানের।

মরদেহ এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযের হিমঘরে রাখা হয়েছে।

প্রেসক্লাবের প্রবীণ এই সদস্যের জানাজা মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে হবে। এরপর তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরাস্থানে দাফন করা হবে।

৬০ বছরের সাংবাদিকতা জীবনে হাসান উজ্জামান খান বেশির ভাগ সময় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে কাজ করেছেন। বাসসের প্রধান বার্তা সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু হাসান উজ্জামানের।

তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজারভার, বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টুডে, ফিন্যানসিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন।

সাংবাদিকতার অবদানের জন্য হাসান উজ্জামান একুশে পদকে ভূষিত।

১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামে জন্মগ্রহণকারী হাসান উজ্জামান খান জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। তিনি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিজ্ঞান বিষয়ক লেখালেখিও করতেন। তার সম্পাদিত গ্রন্থ হচ্ছে- এগ্রিকালচার ইন বাংলাদেশ।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হাসান উজ্জামানের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গভীর শোক প্রকাশ ও তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেছেন।