‘হাসিনার প্রত্যাবর্তনে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশে জিয়াউর রহমানের পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তির পাকিস্তানি ভাবধারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে তা সফল হয়নি।
সোমবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার কথা তুলে ধরে এই প্রবীন আওয়ামী লীগ নেতা বলেন, শেখ হাসিনার আগমনে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর পর বাংলার মাটিতে শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আসেনি।
তিনি বলেন, শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য জিয়াউর রহমান নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনাকে দলটির সভাপতি মনোনিত করেছিল।
আয়োজক সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী ও দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস।
