২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে জটিলতা

নির্বাচন পরিচালনা কমিটির অপারগতায় ২৯ মে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

নির্বাচনের নতুন তফসিল পরবর্তিতে আলোচনা করে ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করবে বলে সোমবার রাতে ব্যবস্থাপনার কমিটির জরুরি বৈঠকের পর জানানো হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে দুই ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কমিটির সর্বস্মতি ক্রমে একমত হয়েছে যে, কমিটি নির্বাচন পরিচালনায় আকস্মিক অপরাগতা প্রকাশের কারণে ইতোপূর্বে ঘোষিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তফসিল বাতিল হয়ে গেছে।

আগামী ২৮ মে জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২৯ মে নির্বাচন হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, সাধারণ সভা ও নির্বাচনের নতুন তফসিল পরবর্তিতে ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করবে। নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান ব্যবস্থাপনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে।

রোববার নির্বাচন পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে নির্বাচন পরিচালনা করতে অপরাগতা প্রকাশ করে।

চিঠিতে বলা হয়, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিভাবে পরিচালনার পরিবেশ প্রেস ক্লাবে নেই।