সংঘাত নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী
ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করে সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “আমি এটুকুই সবাইকে আহ্বান করবো ধ্বংস নয় সৃষ্টি। সংঘাত নয়, শান্তি। অবনতি নয় উন্নতি। এটাই হোক আপনাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। ইনশা-আল্লাহ, যত বাধাই আসুক, সব বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।”
“আসুন সকলে মিলে আমরা একসাথে কাজ করি এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং বিশ্বে মর্জাদার আসনে প্রতিষ্ঠিত করি।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সম্মৃদ্ধ দেশে পরিণত করে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত গড়ার লক্ষ্য রয়েছে তার সরকারের।
“সেভাবে আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি; মাঝে মাঝে আমাদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়, সেভাবে কখনো কখনো মনুষ্যসৃষ্ট দুর্যোগও আমাদের মোকাবিলা করতে হয়।”
গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিএনপি জোটের হরতাল-অবরোধে পেটো্রল বোমা মেরে মানুষ হত্যা ও ধ্বংসাত্মক কাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আমরা কখনো চাই না। আমরা চাই দেশের মানুষের উন্নয়ন, শান্তি, উন্নতি।”
হরতাল-অবরোধে পরীক্ষার্থীদের অসুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা চাই না এরকম পরিস্থিতির সৃষ্টি হোক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বাংলাদেশ উন্নত হবে সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।”
এসময় প্রধানমন্ত্রী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতে তার সরকারের সময় উন্নয়নের চিত্রও তুলে ধরেন। ২০১৭ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন সম্ভব হবে হবে জানান তিনি।
তিনি বলেন, “দেশের সর্বপ্রথম নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ স্থাপনের জন্যে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যেই অরবিটাল স্লট ক্রয় করা হয়েছে। আমি আশা করি, ২০১৭ সালের মধ্যেই কক্ষপথে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট স্থাপিত হবে। যা দেশের টেলিযোগাযোগসহ তথ্য-প্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।”
টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তির সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠনের সময় মোবাইল ও ল্যান্ডফোনের গ্রাহক সংখ্যা ছিল পাঁচ কোটি; যা এখন বৃদ্ধি পেয়ে প্রায় সাড়ে বারো কোটিতে পৌঁছেছে। জনগণ শুধু ১২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার মোবাইল সিম ব্যবহার করছে।
“সে সময় ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল মাত্র ৪০ লাখ। বর্তমানে এ সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। গত সাড়ে ছয় বছরে ইন্টারনেট ডেনসিটি ২.৫ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে এখন ২৭.৪২ শতাংশে উন্নীত হয়েছে। টেলিডেনসিটি আড়াই গুণ বেড়ে এখন ৮০ শতাংশে দাঁড়িয়েছে। আজ দেশের ৯৯ ভাগ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে।”
‘অচিরেই’ দেশে চতুর্থ প্রজন্মের (৪ জি) মোবাইল নেটওয়ার্ক চালু করার কথা জানিয়ে তিনি বলেন, “যত আধুনিক প্রযুক্তি আসবে, বাংলাদেশও এরসঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে।”
এসময় ভবিষ্যতে দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা সাবমেরিন কেবলের ক্যাপাসিটি ২০০ জিবিপিএস পর্যন্ত বৃদ্ধি করেছি। ইন্টারনেট ক্যাপাসিটি আরও বৃদ্ধি করতে আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছি।”
“আশা করি, ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ শেষ হবে। দ্বিতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশে প্রায় ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ অর্জন করবে।”
ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী ব্যান্ডউইথ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে টেলিযোগাযোগ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে পণ্য তৈরির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান শেখ হাসিনা।
“টেলিকম সেক্টরে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আমরা পদক্ষেপ নিয়েছি। টেলিফোন শিল্প সংস্থা বিভিন্ন ধরনের ডিজিটাল টেলিফোন সেট উৎপাদনের পাশাপাশি ল্যাপটপ, মোবাইল, ব্যাটারি, মোবাইল ব্যাটারি চার্জার, প্রি-পেইড ইলেক্ট্রিক মিটার সংযোজন করে স্বল্পমূল্যে বাজারজাত করছে। একইসাথে, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড ২০১১ সাল থেকে অপটিক্যাল ফাইবার কেবল বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে।”
তথ্য-প্রযক্তি সেবা ব্যবহার করে দেশ এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। আউট সোর্সিং খাতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তথ্য-প্রযুক্তি এখন জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার।”
ডাকা ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, ডাকা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন ডাকটিকিট অবমুক্ত করেন এবং ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৫’ উপলক্ষ্যে বিজয়ী কয়েকজন স্কুল, কলেজ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
