কুড়িগ্রামে ট্রলি চাপায় ভ্যান চালক নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রলির চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার দুপুরে উপজেলার মাঠেরভিটায় এলাকায় এ দুর্ঘটনায় আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম (২৫) উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামের হোসেন আলীর ছেলে।
রৌমারী থানার ওসি সোহরাব হোসেন জানান, দুপুরে মাঠেরভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রলি ভ্যানটিকে চাপা দিলে ভ্যান চালক রফিকুল ইসলামসহ তিন জন আহত হন।
তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
