মুজাহিদের আপিলের যুক্তিতর্ক শুরু ২৪ মে
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানিতে পেপারবুক থেকে ট্রাইব্যুনালের রায়, অভিযোগ ও সাক্ষ্য উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করে আগামী রোববার পরবর্তী দিন রেখেছে।
ওইদিন আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে আসামিপক্ষে শুনানি করে আইনজীবী এস এম শাজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সকাল পৌনে ১০টা থেকে মাঝে আধ ঘণ্টা বিরতি দিয়ে সোয়া একটা পর্যন্ত শুনানি চলে। শুনানিতে আসাপিক্ষ পেপারবুক থেকে ট্রাইব্যুনালের রায় ও চার্জ উপস্থাপন করেন।পরে অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেন।
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “আসামিপক্ষ সব সাক্ষী ও ট্যাইব্যুনালের রায় পড়া শেষ করেছে। আজকে উনাদের যুক্তি উপস্থাপন করার কথা ছিল। উনারা তা শুরু করতে পারেননি। আগামী তারিখে তারা শুরু করবেন।”
তিনি বলেন, “আদালত থেকে আমার কাছে প্রশ্ন করা হয়েছিল- প্রথম অভিযোগ বৃদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন হত্যার ব্যপারে ইতিমধ্যে দালাল আইনে বিচার হয়েছে, খলিল নামে এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেন এই চার্জের জন্য সিরাজুদ্দিন হোসেনের মৃত্যুর কারণে একজনকে দেওয়া হয়েছে সেই অভিযোগের জন্য আবার আলী আহসান মুজাহিদকে দণ্ডিত করা যায় কি না।”
“আমি বলেছি ট্রাইব্যুনাল এটি বিবেচনায় নিয়েছেন, সিরাজুদ্দিন হোসেনের মৃত্যুর ব্যপারে বিচার হয়েছে, বিচার হয়ে একজনকে দণ্ডিত করা হয়েছে। আদালত বলেছে এই বুদ্ধিজীবীদের যে ১৯৭১ সালে হত্যা করা হয়েছে এটি একটি নির্দিষ্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুসারে।এই পরিকল্পনা প্রণয়য় করেছে তখন আলবদর-রাজাকাররা, বিশেষ করে আল-বদর বাহিনী। …কাজেই মুজাহিদকে এই সিরাজুদ্দিন হোসেনের মৃত্যুর ব্যপারে দায়ী করা হয়েছে এভাবে যে বুদ্ধিজীবী নিধনের ব্যপারে আল-বদর বাহিনীর যে ভূমিকা ছিল এবং আলী আহসান মুজাহিদ আল বদর বাহিনীর একজন নেতা সেজন্য সিরাজুদ্দিন হোসেনের মৃত্যুটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আল বদরদের দ্বারা সংগঠিত ঘটনা।”
“এটা বিবেচনা করেই তাকে (মুজাহিদ) প্রথম অভিযোগে সাজা দেওয়া হয়নি, দোষী হিসেবে দণ্ডিত করা হয়েছে। প্রথম ও ষষ্ঠ অভিযোগ অন্যান্য বুদ্ধিজীবী হত্যার জন্য দুটোকে এককরে তাকে সাজা দেওয়া হয়েছে। …সিরাজুদ্দিন হোসেন বিচ্ছিন্নভাবে মারা যাননি। আল-বদরদের পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে বুদ্ধিজীবী নিধন করার জন্য নীল-নকশার অংশ হিসেবে অন্যান্য বুদ্ধিজীবীদের যে রকম মারা হয়েছে ও সেরকম সিরাজুদ্দিন হোসেনকে সেকারণেই ঘর থেকে নিয়ে যাওয়া হয়।”
অ্যার্টনি জেনারেল বলেন, “ঘর থেকে যে নিয়ে গিয়েছিল তার বিচার হয়েছে, কিন্তু যারা পরিকল্পনা করেছিল তাদের বিচার এই আইনে করতে কোনো রকম বাধা নেই এটিই বক্তব্য রেখেছি।”
আইনজীবী এস এম শাজাহান বলেন, “ষষ্ঠ দিনে আজকে পেপারবুক থেকে ট্রাইব্যুনালের রায় পড়া শেষ করেছি। তারপর স্বাভাবিকভাবে এখন যুক্তি উপস্থাপন করতে হবে। রায় পড়ার পর যে সময়টুকু ছিল তখন অ্যাটর্নি জেনারেল প্রথম ও তৃতীয় অভিযোগ বিষয়ে শুরু করলেন। সূচনামূলক বক্তব্য দিয়ে ধারণা দিলেন। আমি পরবর্তী রোববার যুক্তি উপস্থাপন শুরু করব। ওইদিন পর্যন্ত মুলতবি আছে।”
‘চলতি মাসেই শেষ হওয়ার আশা’
এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, “যুক্তিতর্ক শেষ হতে আমার ধারণা ৪ থেকে ৬ কার্যদিবস লাগতে পারে। যদি শুনানি করা যায়, কোনো বিচারপতি যদি অসুস্থ না হয়ে যান, অন্য কোনো ঘটনা না ঘটে, আইনজীবী যদি অসুস্থ না হয়ে যান, অন্য কোনো গুরুত্বপূর্ণ মামলা মাঝখানে তালিকায় চলে না আসলে আশা করা যায় এই মাসের ভেতর আপিলের শুনানি শেষ হতে পারে।”
প্রায় ২১ মাস পর ২৯ এপ্রিল আপিলের ওপর শুনানি শুরু হয়। এরপর ৪, ৫, ৬, ১৭ ও ১৮ মে শুনানি গ্রহণ করে আদালত।
এর আগে গত ১৫ এপ্রিল আপিল বিভাগ আপিলের ওপর শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করে। তবে ওইদিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় শুনানি হয়নি।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
ওই রায়ের বিরুদ্ধে সে বছর ১১ অগাস্ট আপিল করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করবে বলে জানিয়েছে।
দুটি ট্রাইব্যুনালে গত পাঁচ বছরে ১৭টি মামলায় রায় হয়েছে। এর মধ্যে ১৪টি মামলার ক্ষেত্রে আপিল হয়েছে।
এর মধ্যে তিনটি মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায় এসেছে; দণ্ড কার্যকর হয়েছে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের।
আপিল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি।
শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।
এছাড়া সব মিলিয়ে আটটি মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
